images

অর্থনীতি

দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত?

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৪ এএম

দেশের বাজারে সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার সকালে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমার কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে।

এর আগে, ৯ ফেব্রুয়ারি দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

বাজুস জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম ১৮ দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ১১ দফা।

অপর দিকে, দেশের বাজারে রুপার দাম এখনও অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ১৭ দফা সমন্বয় করা হয়েছে; এর মধ্যে দাম ১০ দফা বেড়েছে এবং ৭ দফা কমেছে। গত বছর ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল।


আরটিভি/এসকে