images

অর্থনীতি

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:২১ এএম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবশেষ সমন্বয় অনুযায়ী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সোনা বিক্রি হচ্ছে নতুন নির্ধারিত দামে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দাম কার্যকর হয়েছে সোমবার সকাল ১০টা থেকে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে,  ২১ ফেব্রুয়ারি সকালে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেট ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বিক্রি হচ্ছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে এর মধ্যে ২০ বার বাড়ানো এবং ১২ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বেড়েছে, ২৯ বার কমেছে।

সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা, সনাতন পদ্ধতি ৪ হাজার ৮২ টাকা। 

চলতি বছরে রুপার দাম ১৮ দফা সমন্বয় করা হয়েছে ১ বার বেড়েছে, ৭ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয়ের মধ্যে ১০ বার দাম বেড়েছিল, ৩ বার কমেছিল।
 
আরটিভি/এসকে