images

অর্থনীতি

টানা তিন সপ্তাহ বাড়ার পর কমল সোনার দাম

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:১৫ পিএম

আন্তর্জাতিক বাজারে টানা তিন সপ্তাহ ঊর্ধ্বগতির পর মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সোনার দামে পতন দেখা গেছে। আগের সেশনে ২ শতাংশের বেশি বাড়ার পর বিনিয়োগকারীরা লাভ তুলে নেওয়ায় দামে চাপ তৈরি হয়। একই সঙ্গে ডলারের শক্তিশালী অবস্থানও মূল্যবান ধাতুটির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। খবর রয়টার্স।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টা ৩৮ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১.২ শতাংশ কমে দাঁড়ায় ৫,১৬৭.২৮ ডলারে। এর ফলে টানা চার সেশনের ঊর্ধ্বগতি থেমে যায়। দিনের শুরুতে তিন সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছিল সোনা।

এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার ০.৭ শতাংশ কমে ৫,১৮৭.৪০ ডলারে নেমে আসে।

বৈশ্বিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান টেস্টিলাইভ-এর গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক বলেন, আগের দিন সোনার দামে উল্লেখযোগ্য র‍্যালি হয়েছে। এখন বাজারে কিছুটা ‘ডাইজেশন’ বা সমন্বয় দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, ওয়াল স্ট্রিটে যে আতঙ্ক দেখা গিয়েছিল, তা এশিয়ার বাজারে একইভাবে ছড়িয়ে পড়েনি।

ওয়াল স্ট্রিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারে নতুন করে বিক্রির চাপ তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। এর প্রভাব এশিয়ার বাজারেও পড়ে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কনীতি ও ভূরাজনৈতিক উত্তেজনা বাজারের মনোভাবকে প্রভাবিত করেছে। 

ডলারের মান সামান্য বাড়ায় ডলারভিত্তিক সোনা অন্যান্য মুদ্রাধারীদের জন্য তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে, যা চাহিদায় চাপ সৃষ্টি করে।

সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি থেকে কোনো দেশ সরে গেলে ভিন্ন বাণিজ্য আইনের আওতায় তাদের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট জরুরি শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে দেয়।

অন্যদিকে, ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার বলেন, ফেব্রুয়ারির কর্মসংস্থান প্রতিবেদন যদি শ্রমবাজারে স্থিতিশীলতার ইঙ্গিত দেয়, তাহলে মার্চের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার বিষয়ে তিনি উন্মুক্ত রয়েছেন।

বাজার বিশ্লেষণ সংস্থা সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি বছরে বিনিয়োগকারীরা ২৫ বেসিস পয়েন্ট করে তিন দফা সুদহার কমার সম্ভাবনা দেখছেন।

আরও পড়ুন
GOLD_20260222_090643899

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপা ০.৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৮৭.৩৯ ডলারে নেমেছে, যা আগের দিন দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল। স্পট প্লাটিনাম ০.৫ শতাংশ কমে ২,১৪২.৩৫ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়াম ০.৪ শতাংশ বেড়ে ১,৭৫০.৯৮ ডলারে উন্নীত হয়েছে।

আরটিভি/এসকে