images

অর্থনীতি

টানা বেড়েই চলেছে সোনার দাম, ভরি কত?

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০৯:১৬ এএম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবশেষ সমন্বয়ে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

সংগঠনটি জানায়, তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়েছে।

নতুন দরে সোনার মূল্য- ২২ ক্যারেট: ২,৭৭,৪২৮ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট: ২,৬৪,৭৭৩ টাকা, ১৮ ক্যারেট: ২,২৬,৯৮১ টাকা, সনাতন পদ্ধতি: ১,৮৫,৭৪৯ টাকা।

এর আগে, ২ মার্চ ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। সে সময় ২১ ক্যারেট ছিল ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ দফা বাড়ানো হয়েছে এবং ১২ দফা কমানো হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয় যার মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম- ২২ ক্যারেট: ৭,১৭৩ টাকা, ২১ ক্যারেট: ৬,৮৮২ টাকা, ১৮ ক্যারেট: ৫,৮৯০ টাকা,সনাতন পদ্ধতি: ৪,৪৩২ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২১ দফা সমন্বয় করা হয়েছে, এর মধ্যে ১৪ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয়ের মধ্যে ১০ বার দাম বেড়েছিল, কমেছিল ৩ বার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও কাঁচামালের দামের প্রভাবেই দেশীয় বাজারে সোনার এ ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

আরটিভি/এসকে