images

অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে মামলায় না গিয়ে মধ্যস্থতায় জোর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ০৮:৪৫ এএম

খেলাপি ঋণ দ্রুত আদায়ের লক্ষ্যে মামলা করার আগেই বিরোধ নিষ্পত্তিতে জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য দক্ষ ও নিরপেক্ষ মধ্যস্থতাকারী নির্বাচন করে ‘প্রাক-মামলা মধ্যস্থতা’ কার্যকর করার নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (১১ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি কার্যকর করতে হলে যোগ্য ও অভিজ্ঞ মধ্যস্থতাকারী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের প্যানেলে অন্তর্ভুক্ত দক্ষ মধ্যস্থতাকারী অথবা অবসরপ্রাপ্ত বিচারক, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তা, আইনজীবী কিংবা মধ্যস্থতায় সফলতার রেকর্ড রয়েছে– এমন ব্যক্তিদের মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করতে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, সরকারের সাম্প্রতিক নীতিগত পদক্ষেপেও প্রাক-মামলা মধ্যস্থতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৬ এবং আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এ বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগেই মধ্যস্থতা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ব্যাংক খাতেও একই পদ্ধতি অনুসরণ করলে খেলাপি ঋণ আদায়ে তা কার্যকর ভূমিকা রাখতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক আরও উল্লেখ করেছে, মামলা দায়েরের পর মধ্যস্থতার বিষয়ে বিদ্যমান আইনি বিধান অপরিবর্তিত থাকবে। অর্থ ঋণ আদালত আইন ২০০৩ অনুযায়ী মামলা দায়েরের পর যেকোনো পর্যায়ে পক্ষগুলো চাইলে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে পারে এবং সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের বিধানই প্রযোজ্য হবে।

আরও পড়ুন
12

আবারও বাড়ল দেশের রিজার্ভ

বাংলাদেশ ব্যাংক স্মরণ করিয়ে দিয়েছে, এর আগে ২০২৪ সালের ১২ মে জারি করা এক সার্কুলারে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে খেলাপি ঋণ আদায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ওই নির্দেশনায় ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে প্রতিটি ব্যাংককে তাদের মোট খেলাপি ঋণের অন্তত ১ শতাংশ নগদ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলা হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, আদালতে দীর্ঘসূত্রতা এড়ানো, মামলার চাপ কমানো এবং কম খরচে দ্রুত বিরোধ নিষ্পত্তি নিশ্চিত করতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যকর করা হলে তা ব্যাংক খাতের খেলাপি ঋণ আদায়ে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে।

আরটিভি/এমএইচজে