images

অর্থনীতি

সোমবার স্বাভাবিক হবে জ্বালানি তেলের সরবরাহ

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ০৬:৫৩ পিএম

পেট্রোল পাম্প মালিকরা আশা প্রকাশ করেছেন সোমবার (১৫ মার্চ) বিকেলের মধ্যে সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে। ইতিমধ্যে অনেক ফিলিং স্টেশনে তেল পৌঁছাতে শুরু করেছে এবং সোমবার সন্ধ্যার মধ্যে কোনো ধরনের সংকট থাকবে না বলে জানানো হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে এক বৈঠকের পর বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিদ বলেন, আমি আশা করছি আগামীকাল সন্ধ্যার মধ্যে জ্বালানি তেলের কোনো ঘাটতি থাকবে না। ইতিমধ্যে অনেক পাম্পে তেল পৌঁছে গেছে এবং পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে।

আরও পড়ুন
Web-Image---Copy

ভারত থেকে এলো ১৬ হাজার মেট্রিক টন চাল

গত কয়েকদিন ধরে সারা দেশে যানবাহন চালকরা প্রয়োজনীয় জ্বালানি পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জ্বালানি তেলের ওপর রেশনিং ব্যবস্থা চালু করলেও অনেক ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না। সামনে ঈদুল ফিতর এবং ঘরমুখো মানুষের যাতায়াতের চাপ বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার আজ থেকেই পেট্রোল, অকটেন ও ডিজেলের ওপর আরোপিত রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত তেলের বেশ কয়েকটি ট্যাঙ্কার পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘ নয় দিন পর রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, আজ থেকে সারা দেশে জ্বালানি তেল কেনায় চালু থাকা রেশনিং পদ্ধতি পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। ফলে এখন থেকে সব ধরনের যানবাহনের চালকরা কোনো নির্দিষ্ট সীমা বা বাধ্যবাধকতা ছাড়াই প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করতে পারবেন। আজ সকাল থেকেই দেশের সকল পাম্পে এই নতুন নির্দেশনা কার্যকর হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল নিয়ে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে—এমন আতঙ্কে গত ৬ মার্চ থেকে সারা দেশে যানবাহনের তেল বিক্রিতে রেশনিং চালু করেছিল সরকার। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল থাকায় সরকার এই রেশনিং পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরটিভি/এমএ