images

অর্থনীতি

টানা ১১ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১০:৫৪ এএম

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭-২৭ মার্চ পর্যন্ত বন্দরে সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৮ মার্চ থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত সিদ্ধান্ত উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদের স্বাক্ষরিত চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা ও পুলিশ প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতের চ্যাংড়াবান্ধা কাস্টমস, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং ভুটানের সংশ্লিষ্ট শুল্ক কর্তৃপক্ষসহ উভয় দেশের পরিবহন ও শ্রমিক সংগঠনগুলোকে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Web-Image6

বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১১ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২৮ মার্চ থেকে যথারীতি বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হবে।

বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মানুষের যাতায়াত স্বাভাবিক থাকবে। বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ব্যবসায়ীরা কাজ না করলে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবেই বন্ধ থাকে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার মুহাম্মদ মহি উদ্দিন জানান, ছুটির সময়ে কাস্টমসের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চলবে।

আরটিভি/আইএম