মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১০:১০ এএম
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটি জানিয়েছে, নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে, ২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ২১৩ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
এর আগে, গত ২৮ মার্চ বিকেলে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তখন অন্যান্য ক্যাটাগরির দাম ছিল ২১ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা। ওই দাম ২৮ মার্চ বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৫০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে- দাম বেড়েছে ২৯ বার ও দাম কমেছে ২১ বার।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে, দাম বেড়েছিল ৬৪ বার, দাম কমেছিল ২৯ বার,রুপার দামও বাড়ল।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। এবার প্রতি ভরি ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে প্রতি ভরি রুপার মূল্য হবে, ২২ ক্যারেট: ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৪৯৯ টাকা,রুপার দামেও ঘন ঘন সমন্বয়।
চলতি বছর এখন পর্যন্ত ৩০ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে, দাম বেড়েছে ১৭ বার আর দাম কমেছে ১৩ বার।
অন্যদিকে, ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে, দাম বেড়েছিল ১০ বার আর দাম কমেছিল ৩ বার।
আরটিভি/এসকে