images

অর্থনীতি

দেশের কর-জিডিপি অনুপাত এখনও সন্তোষজনক নয়: বাণিজ্যমন্ত্রী

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০৬:৩৯ পিএম

দেশের কর-জিডিপি অনুপাত এখনও সন্তোষজনক নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (৫ এপ্রিল) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসালটেশন অন বাংলাদেশ গ্র্যাজুয়েশন রেডিনেস অ্যাসেসমেন্ট’ শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশের কর-জিডিপি অনুপাত এখনও সন্তোষজনক নয়। করের হার বাড়ানোর পরিবর্তে করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে।

বাংলাদেশ বর্তমানে একটি চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এ বাস্তবতায় অর্থনীতিকে স্থিতিশীল ও সুশৃঙ্খল রাখতে কার্যকর ও সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ জরুরি বলে উল্লেখ করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, অতীতে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই কিছু বড় প্রকল্প গ্রহণের ফলে দেশের ঋণের চাপ বেড়েছে। অনেক ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন ও ব্যয় নিয়ে প্রশ্ন থাকায় অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যমান ঋণ সঠিকভাবে ব্যবস্থাপনা করার পাশাপাশি ভবিষ্যতে নতুন প্রকল্প গ্রহণে আরও সতর্ক হতে হবে। টেকসই উন্নয়নের জন্য বাস্তবসম্মত ও ফলপ্রসূ প্রকল্প নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন
Web-Image

জ্বালানি সংকটে বাজেট সহায়তায় সম্মত এআইআইবি: অর্থমন্ত্রী

তিনি বলেন, দেশের একটি বড় অর্থনৈতিক অংশ এখনো কর ব্যবস্থার বাইরে রয়েছে। তাই অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়িয়ে ঋণ পরিশোধের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে টেকসই ধারায় এগিয়ে নেওয়া জরুরি।

অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন- রাবাব ফাতিমা এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।

আরটিভি/এমএইচজে