images

অর্থনীতি

ঋণ খেলাপি করার সময়সীমা ৬ মাস করার দাবি ঢাকা চেম্বারের

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১০:৩৯ এএম

পরপর তিন মাস কিস্তি পরিশোধ না হওয়া ঋণকে খেলাপি হিসেবে গণ্য করার বর্তমান নীতিমালা পরিবর্তন করে সময়সীমা অন্তত ছয় মাস করার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ দাবি তুলে ধরেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। তার নেতৃত্বে ডিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে তাসকিন আহমেদ দেশের ব্যাংকিং খাতের চলমান অস্থিরতা ও তারল্য সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন ৬ দশমিক ০৩ শতাংশে নেমে এসেছে। একইসঙ্গে নীতিগত সুদের হার ১০ শতাংশে থাকায় ঋণের প্রকৃত সুদের হার ১৬ থেকে ১৭ শতাংশে পৌঁছেছে, যা ব্যবসা পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। 

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) এবং স্বল্প মুনাফাভিত্তিক শিল্পখাত সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে। এই সংকট মোকাবিলায় তিনি নীতিগত সুদের হার ধাপে ধাপে কমানো এবং উৎপাদনশীল ও রপ্তানিমুখী খাতের জন্য লক্ষ্যভিত্তিক ভর্তুকিযুক্ত ঋণ সুবিধা চালুর প্রস্তাব দেন।

ডিসিসিআই জানায়, ঋণ গ্রহণ ও প্রদানের সুদের হারের মধ্যে ৫ শতাংশের বেশি ‘স্প্রেড রেট’ বিদ্যমান থাকায় স্থানীয় বিনিয়োগকারীদের আস্থা কমছে। এছাড়া জ্বালানি সংকট এবং বাজারে কম চাহিদা ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এর মধ্যে ঋণ শ্রেণিকরণ নীতিমালার সময়সীমা ৯ মাস থেকে কমিয়ে ৩ মাসে নামিয়ে আনা ব্যবসায়ীদের জন্য আরও বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

এ প্রেক্ষাপটে প্রকৃত ও অনিচ্ছাকৃত খেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধা পুনর্বিবেচনা এবং ঋণ খেলাপি ঘোষণার সময়সীমা বাড়ানোর দাবি জানায় সংগঠনটি।

জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি বর্তমানে গুটিকয়েক পণ্য ও বাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে সিএসএমই খাত ও কৃষি ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি উচ্চ মূল্যস্ফীতির পেছনে লজিস্টিক ও পণ্য ব্যবস্থাপনার উচ্চ ব্যয় অন্যতম কারণ। এ সমস্যা নিরসনে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

গভর্নর আরও বলেন, জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগের ধারা গতিশীল করতে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নীতিমালার সংস্কার এবং ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাসের বিকল্প নেই।

সভায় ডিসিসিআই সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, মো. সালিম সোলায়মান এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরটিভি/এসকে