বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৮:৫৯ পিএম
দেশের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা এবং যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার সক্ষমতা বাড়াতে এক বড় অর্জন সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘বিজনেস কন্টিনিউটি ইনস্টিটিউট’ বা বিসিআইর কর্পোরেট সদস্যপদ লাভ করেছে দেশের এই কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই মাইলফলক অর্জনের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংক বর্তমানে তাদের বিদ্যমান ‘বিজনেস কন্টিনিউটি প্ল্যান ২০১৫’-এর একটি উন্নত সংস্করণ বা ‘বিসিপি ভার্সন ২.০’ প্রণয়নের কাজ শুরু করেছে। মূলত এই আধুনিক পরিকল্পনার আন্তর্জাতিক মান নিশ্চিত করতেই বিসিআইর এই সদস্যপদ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের অপারেশনাল রেজিলেন্স ও ক্রাইসিস ম্যানেজমেন্ট কার্যক্রমকে আরও আধুনিক ও বিশ্বমানের করে তুলবে।
বিসিআই ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্ব স্বীকৃত প্রতিষ্ঠান যা যেকোনো দুর্যোগ বা সংকটের সময় ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক কার্যক্রম সচল রাখার আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করে থাকে। এই সদস্যপদ অর্জনের ফলে বাংলাদেশ ব্যাংক এখন থেকে বিশ্বের সর্বাধুনিক জ্ঞান, গাইডলাইন এবং অপারেশনাল টুলস ব্যবহারের সরাসরি সুযোগ পাবে।
এর ফলে ব্যাংকের কর্মকর্তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, প্রফেশনাল সার্টিফিকেশন এবং উচ্চতর সেমিনারে অংশগ্রহণের সুযোগ পাবেন। বিশ্বের নামকরা কেন্দ্রীয় ব্যাংক ও বড় বড় বাণিজ্যিক ব্যাংকগুলো বিসিআইর এই পদ্ধতি অনুসরণ করে থাকে। এখন থেকে বাংলাদেশ ব্যাংকও সেই বৈশ্বিক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করবে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে যে এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রমের ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে। দেশের আর্থিক খাতে বড় কোনো ঝুঁকি বা সংকট দেখা দিলে তা মোকাবিলা করার সক্ষমতা আগের চেয়ে কয়েক গুণ বাড়বে। এটি বিনিয়োগকারী এবং সাধারণ গ্রাহকদের মনে ব্যাংকিং খাতের ওপর আস্থা আরও শক্তিশালী করবে।
এ ছাড়া আন্তর্জাতিক সহযোগিতা ও সক্ষমতা উন্নয়নের নতুন নতুন পথ উন্মোচিত হবে। কেন্দ্রীয় ব্যাংককে একটি আধুনিক ও সহনশীল প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে এই সদস্যপদ সহায়ক হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরটিভি/এআর