মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৪:০৭ পিএম
উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েল নিয়ে একটি জাহাজ সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আটটার দিকে ‘এম গ্রেট প্রিন্সেস’ জাহাজটি বন্দরের জেটিতে প্রবেশ করে। প্রায় ১২ হাজার টন জেট ফুয়েল রয়েছে জাহাজটিতে। তেল সরবরাহ করছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড।
এ ব্যাপারে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, গত ১২ এপ্রিল দেশে প্রায় ২২ হাজার টন জেট ফুয়েল মজুদ ছিল, যা দিয়ে প্রায় ১৫ দিনের চাহিদা মেটানো সম্ভব ছিল। তবে নতুন চালান যুক্ত হওয়ার কারণে এখন মজুদ আরও বেড়েছে। জেট ফুয়েলের চাহিদা দেশে যদিও তুলনামূলক কম। গত ১ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বিক্রি হয়েছে ২১ হাজার টন, দৈনিক গড়ে ১ হাজার ৭৫৮ টন। আর গত বছরের এই সময় গড় প্রায় দেড় হাজার টন বিক্রি ছিল জেট ফুয়েলের।
এদিকে আজ রাত ১১টার দিকে ডিজেল নিয়ে আরও দুটি জাহাজের চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে। ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে প্রায় ৩৩ হাজার টন ডিজেল রয়েছে, যা ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড সরবরাহ করছে। আর ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে আসছে প্রায় ৩৫ হাজার টন, এই ডিজেল সরবরাহ করছে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া কোম্পানি।
আরটিভি/এমএইচজে