বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৪:৪৫ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। সপ্তাহে দুটি ফ্লাইটের মাধ্যমে সংস্থাটি ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফেরার কথা জানিয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে এ ফ্লাইট শুরু হবে। প্রতি শনিবার ও মঙ্গলবার দুটি ফ্লাইট ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা শুরু করবে।
ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ছাড়বে। এরপর সিলেট থেকে উড্ডয়ন করবে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে; ম্যানচেস্টারে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে।
অন্যদিকে ম্যানচেস্টার থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৯টায় ছেড়ে পরের দিন স্থানীয় সময় দুপুর ১১টা ৫০ মিনিটে সিলেট পৌঁছাবে। ঢাকায় পৌঁছাবে দুপুর দেড়টায়।
যাত্রীদের টিকেট বুকিং ও ফ্লাইট সম্পর্কিত তথ্যের জন্য নিকটস্থ বিমান সেলস সেন্টার, আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সি, বিমান কল সেন্টার (১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান।
এ দিকে গত জানুয়ারিতে ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিতের ঘোষণা আসে। এ ঘোষণার পর যুক্তরাজ্যে বিক্ষোভ দেখান প্রবাসীরা। ব্রিটিশ পার্লামেন্টেও এ বিষয়টি নিয়ে আলোচনা হয়।
গত ১৫ জানুয়ারি হাউস অব কমন্সে ব্রিটিশ এমপি পল ওয়া বলেন, তার সংসদীয় এলাকা রচডেলে, পুরো উত্তর-পশ্চিমাঞ্চল এবং স্কটল্যান্ড ও মিডল্যান্ডসের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি ম্যানচেস্টার থেকে সিলেটগামী বিমানের সরাসরি ফ্লাইটের ওপর নির্ভর করেন। কিন্তু হঠাৎ করেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেই রুট স্থগিত করার ঘোষণা দিয়েছিল।
গত ৪ জানুয়ারি বিমানের পক্ষ থেকে প্রথম দফা ঘোষণায় ১ ফ্রেব্রুয়ারি থেকে এই ফ্লাইট স্থগিতের কথা জানানো হয়।
এর দুদিন পরেই জানানো হয়, স্থগিতের সিদ্ধান্ত এক মাস পেছানো হয়েছে। অর্থাৎ ১ মার্চ থেকে বন্ধ হচ্ছে এই ফ্লাইট।
ফ্লাইট স্থগিতের কারণ হিসেবে বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিতে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা ফ্লাইট ১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।
আরটিভি/এমআই