images

অর্থনীতি

বিপিসির শীর্ষ পর্যায়ে বড় রদবদল

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৬:০৩ পিএম

দেশে চলমান জ্বালানি সংকটে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) বড় রদবদল হয়েছে। বিপিসির প্রশাসনিক কাঠামোতে এ বড় ধরনের রদবদল করা হয়েছে।

সংস্থাটির মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালক পদমর্যাদার সাতজন শীর্ষ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন
ptrl

নোয়াখালীতে ১২শ লিটার পেট্রোল জব্দ, গ্রেপ্তার ৩

উক্ত আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিপিসির উপ-মহাব্যবস্থাপক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

অন্যদিকে, যমুনা অয়েলের চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে বদলি করা হয়েছে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে।  

বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। এই পদে কর্মরত থাকা ফেরদৌসী মাসুম হিরণকে ফিরিয়ে আনা হয়েছে বিপিসির মূল কেন্দ্রে, যার নতুন দায়িত্ব মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন বিভাগ)। এ ছাড়া বিপিসির অভ্যন্তরীণ বিভাগগুলোতেও পরিবর্তন আনা হয়েছে।

মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মুহাম্মদ মোর্শেদ হোসাইন আজাদকে অর্থ বিভাগে এবং চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে বাণিজ্য ও অপারেশন বিভাগে পদায়ন করা হয়েছে। মহাব্যবস্থাপক (অর্থ, চলতি দায়িত্ব) মো. জাহাঙ্গীর কবিরকে মহাব্যবস্থাপক (নিরীক্ষা, চলতি দায়িত্ব) হিসেবে নতুন দায়িত্বভার অর্পণ করা হয়েছে।

আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৯ এপ্রিল ২০২৬ তারিখ সকালের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন বিকেলেই তারা বর্তমান পদ থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আরটিভি/এমআই