রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০৬:১৪ পিএম
বর্তমানে দেশের সরকারি, বেসরকারি, বিদ্যুৎ আমদানিসহ বিদ্যুৎ কেন্দ্রগুলোর চলতি বছর ৯ এপ্রিল পর্যন্ত বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে প্রশ্ন-উত্তর পর্বে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিদ্যুৎমন্ত্রী বলেন, বর্তমানে দেশের সরকারি, বেসরকারি, বিদ্যুৎ আমদানিসহ বিদ্যুৎ কেন্দ্রগুলির চলতি বছর ৯ এপ্রিল পর্যন্ত বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ দশমিক ৮৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি-বেসরকারি কোম্পানির গ্যাস বিল বকেয়া বাবদ পেট্রোবাংলার কাছে ১১ হাজার ৬৩৪ দশমিক ০৬ কোটি টাকা। ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ বকেয়া ৩ হাজার ৮৯১ দশমিক ৫৫ কোটি টাকা। গ্যাস ও জ্বালানি তেলভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি পেমেন্ট ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ১৭ হাজার ৩৫৭ দশমিক ৬৮ কোটি টাকা। জয়েন্ট ভেঞ্চার ও আইপিপি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কয়লার মূল্য ও ক্যাপাসিটি পেমেন্ট বাবদ বকেয়া ১৫ হাজার ৪৫২ দশমিক ৯১ কোটি টাকা।
তিনি জানান, সরকারি কোম্পানির ক্যাপাসিটি পেমেন্ট ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ৫ হাজার ৬২৩ দশমিক ০৩ কোটি টাকা ও হইলিং চার্জ বাবদ বকেয়া ১৯৮ দশমিক ৯৪ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যাংকের কাছে ঋণের পরিমাণ ১ লাখ ৪৯ হাজার ৩১১ দশমিক ২৬ কোটি টাকা।
আরটিভি/এমএইচজে