সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৮:১৫ এএম
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে মূল্য নির্ধারণ করে জানিয়েছে, ভরিতে সোনার দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে, গত ১৫ এপ্রিল সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায় নির্ধারণ করা হয়।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৪ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতেও সোনার দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।
আরটিভি/এসকে