images

অর্থনীতি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ‘আগুন’, চার বছরের মধ্যে সর্বোচ্চ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৪:৪৭ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রতি ব্যারেল তেলের দাম ১২২ ডলারের সীমা ছাড়িয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নিয়ে ব্রিফিং করবেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। খবর রয়টার্সের। 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.২ শতাংশ বেড়ে ১২১.৭৬ ডলারে পৌঁছেছে, যা দিনের একপর্যায়ে ১২৬.৪১ ডলার স্পর্শ করেছিল।  এটি ২০২২ সালের মার্চের পর তেলের সর্বোচ্চ দাম। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১.৪ শতাংশ বেড়ে ১০৮.৩৭ ডলারে দাঁড়িয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ইরান হামলা শুরুর পর থেকে ব্রেন্ট তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। 

আরও পড়ুন
jaj

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তার মতে, সরাসরি সামরিক হামলার চেয়ে নৌ অবরোধ অনেক বেশি কার্যকর। ট্রাম্প দাবি করেন, এই অবরোধের ফলে ইরানের অর্থনীতি ও অভ্যন্তরীণ অবস্থা এখন ‘হাঁসফাঁস’ পর্যায়ে পৌঁছেছে। প্রয়োজন হলে এই অবরোধ আরও দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৪০ ডলারে উন্নীত করাই দেশটির মূল লক্ষ্য। 

মূলত, তেলের এই লাগামহীন মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়াকে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে তেলের দাম খুব সহজেই আরও বাড়তে পারে এবং ব্রেন্টের দাম ১৫০ ডলারে পৌঁছানোও অসম্ভব নয়ুল

আরটিভি/এআর