images

অর্থনীতি

বন্ধ কারখানা সচল করতে যে উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১১:১০ পিএম

বন্ধ কল-কারখানা সচল করে কর্মসংস্থান বাড়াতে কম সুদে ঋণের জন্য বিশেষ একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠনের কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক।  সরকারের অর্থায়নে নাকি কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে এ তহবিল হবে তা নির্ধারণে একটি কমিটি কাজ করছে। বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন
Plane_0030

বিমানের বহর সম্প্রসারণে ঐতিহাসিক চুক্তি, কেনা হচ্ছে ১৪টি বোয়িং

এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের নেতৃত্বে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বন্ধ কারখানা সচল করতে তহবিল সহায়তার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিশেষ করে জুলাই আন্দোলনের সময় বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনাময় শিল্প-কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে জালিয়াতি, অর্থপাচার বা বড় আর্থিক অপরাধে জড়িত প্রতিষ্ঠানগুলো এ সুবিধার বাইরে থাকবে।

কারখানা পুনরায় চালুর জন্য যেসব সহায়তার প্রস্তাব এসেছে, তার মধ্যে রয়েছে ঋণ নিয়মিত করতে ডাউনপেমেন্টের শর্ত শিথিল করা, কম সুদে নতুন তহবিল সহায়তা, আমদানি-রপ্তানির জন্য ব্যাংকিং সুবিধা এবং কম মার্জিনে এলসি খোলার সুযোগ। কারখানা বন্ধ হওয়ার আগে গ্রাহকের আচরণ বিবেচনায় ব্যাংকগুলো এসব সুবিধা দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক এরইমধ্যে বিভিন্ন ব্যাংকের অর্থায়নে গড়ে ওঠা বন্ধ কারখানার তালিকা সংগ্রহ শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, এসব তথ্যের ভিত্তিতে সরকারের কাছে একটি প্রতিবেদন দেওয়া হবে।

তবে নতুন পুনঃঅর্থায়ন তহবিল গঠনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আপত্তি রয়েছে। সংস্থাটি নতুন তহবিল তৈরির পরিবর্তে বিদ্যমান তহবিল ধীরে ধীরে কমানোর শর্ত দিয়েছে। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন অর্থায়ন বাজারে অতিরিক্ত তারল্য তৈরি করে, যা মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে।

এ কারণে নতুন তহবিল গঠনের বদলে বিকল্প উপায়ে কীভাবে বন্ধ কারখানাগুলো সচল করা যায়, সেটিও এখন গুরুত্ব সহকারে বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক।

আরটিভি/এমআই