শুক্রবার, ০১ মে ২০২৬ , ১২:৪৬ পিএম
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতে সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম ৮ শতাংশ বাড়িয়ে দিয়েছে সেখানকার সরকার।
শুক্রবার (১ মে) থেকে পেট্রোলের নতুন দাম কার্যকর হয়েছে দেশটিতে। আমিরাত সরকারের অধীন ইউএই ফুয়েল প্রাইস কমিটির এক বিবৃতি থেকে জানা গেছে এ তথ্য।
আমিরাতে ৩ ব্র্যান্ডের পেট্রোল বিক্রি হয়— সুপার ৯৮, স্পেশাল ৯৫ এবং ই-প্লাস ৯১। সবকটি ব্র্যান্ডেরই দাম বেড়েছে।
ফুয়েল প্রাইস কমিটির বিবৃতি অনুসারে, এখন থেকে সুপার ৯৮ প্রতি লিটার বিক্রি হবে ৩ দশমিক ৬৬ দিরহামে (বাংলাদেশি মুদ্রায় ১২২ টাকা ২৯ পয়সায়), স্পেশাল ৯৫ প্রতি লিটারে বিক্রি হবে ৩ দশমিক ৫৫ দিরহামে (বাংলাদেশি মুদ্রায় ১১৮ টাকা ৬১ পয়সায়) এবং ই-প্লাস ৯১- লিটারপ্রতি বিক্রি হবে ৩ দশমিক ৪৮ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১১৬ টাকা ২৭ পয়সায়)।
৩০ এপ্রিল নতুন দাম নির্ধারোনের আগ পর্যন্ত খুচরা গ্রাহক পর্যায়ে প্রতি লিটার সুপার ৯৮-এর দাম ৩ দশমিক ৩৯ দিরহাম, স্পেশাল ৯৫-এর দাম ৩ দশমিক ২৮ দিরহাম এবং ই-প্লাস ৯১-এর দাম ৩ দশমিক ২০ দিরহাম ছিল দেশটিতে।
শতকরা হিসেবে এই তিন ব্র্যান্ডের পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৮ শতাংশ। তবে, ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
আরটিভি/এসএইচএম