বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৯:০০ পিএম
টানা তিন দফা মূল্যবৃদ্ধির পর দেশে জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২১ টাকা ৬৩ পয়সা কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে এ দাম ছিল ২২৭ টাকা ৮ পয়সা।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বিইআরসি। সংস্থাটি জানায়, নতুন মূল্যহার আজ রাত থেকেই কার্যকর হবে।
এদিকে আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮২ টাকা থেকে কমে ১৬৫ টাকায় নেমে এসেছে। অর্থাৎ আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম লিটারে প্রায় ১৭ টাকা কমেছে।
চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলকভাবে কম ছিল। জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। পরে ফেব্রুয়ারিতে সামান্য বাড়িয়ে তা ৯৫ টাকা ১২ পয়সা করা হয়।
তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়। এর প্রভাবে মার্চে প্রথম দফায় দাম বেড়ে দাঁড়ায় ১১২ টাকা ৪১ পয়সায়।
পরিস্থিতির আরও অবনতি হলে ২৪ মার্চ দ্বিতীয় দফায়, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে, দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। পরে এপ্রিলে তৃতীয় দফায় তা বেড়ে ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছায়।
আরটিভি/কেডি