বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ১১:১২ পিএম
বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির মধ্যে গত দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে সোনার দাম। মার্কিন ডলারের মান কমে যাওয়া এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আবারও সোনায় বিনিয়োগ বাড়াচ্ছেন।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক ঘিরে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত পাওয়ায় মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে। এতে স্বর্ণবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৪৫ দশমিক ৮ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ। এছাড়া যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৫৪ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, তেলের দাম কমলে সাধারণত বন্ডের দাম বাড়ে এবং ইল্ড কমে আসে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বৃদ্ধির গতি শ্লথ করতে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছেন।
আরটিভি/কেডি