images

অর্থনীতি

গ্রামীণ ও স্থানীয় শিল্পের সবুজায়নে হাজার কোটি টাকার বিশেষ তহবিল

সোমবার, ১১ মে ২০২৬ , ০৯:৫৩ পিএম

গ্রামীণ ও স্থানীয় শিল্পে পরিবেশবান্ধবসহ টেকসই করতে হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ এ তহবিল থেকে সর্বোচ্চ পাঁচ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবে এসব খাতের উদ্যোক্তারা।

সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত পাঁচ হাজার কোটি টাকার গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড থেকে গ্রামীণ ও স্থানীয় শিল্পখাতের জন্য পৃথক এক হাজার কোটি টাকা সংরক্ষণ করা হয়। পরিবেশবান্ধব যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি এবং স্থানীয়ভাবে উৎপাদিত পরিবেশবান্ধব যন্ত্রপাতি কেনার বিপরীতে এ ঋণ পাবে। 

আরও পড়ুন
Web-Image

বিদেশগামীদের জন্য সুখবর

নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম, কর্মপরিবেশ উন্নয়নসহ বিভিন্ন খাতে এ অর্থায়ন ব্যবহার করা যাবে।

সার্কুলারে আরও বলা হয়, গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার হবে পাঁচ শতাংশ। অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে এক শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। প্রকল্প ভেদে ঋণের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর। 

এছাড়া সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত রেয়াতকাল সুবিধা থাকবে। একজন উদ্যোক্তা এ তহবিল থেকে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। মোট আমদানি বা ক্রয়মূল্যের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত এখান থেকে অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। 

তবে ঋণ পাওয়ার ক্ষেত্রে শর্ত নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পে ব্যবহৃত মোট বিদ্যুতের অন্তত ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি, যেমন সৌরবিদ্যুৎ থেকে সরবরাহ করতে হবে। এছাড়া ঋণখেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠান এ সুবিধার আওতায় আসতে পারবে না। 

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংক এ তহবিলের আওতায় ঋণ বিতরণ করতে পারবে। বেসরকারি ও বিদেশি ব্যাংকের ক্ষেত্রে খেলাপি ঋণের হার ২০ শতাংশের নিচে থাকতে হবে। যেসব ব্যাংক এরই মধ্যে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে অংশগ্রহণ চুক্তি করেছে তাদের নতুন করে চুক্তি করতে হবে না।

আরটিভি/এসআর