images

অর্থনীতি

যেসব মোটরসাইকেলে কর দেওয়া লাগবে না

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৩:১১ পিএম

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাবনা অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো অগ্রিম আয়কর দিতে হবে না। তবে এর বেশি সিসির মোটরসাইকেলের ক্ষেত্রে ধাপে ধাপে কর আরোপ করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিসিভেদে মোটরসাইকেলের ওপর বছরে ২ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর নির্ধারণের প্রস্তাব বিবেচনায় রয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী,  ১১০ সিসি পর্যন্ত: কোনো অগ্রিম আয়কর নয়, ১১১ থেকে ১২৫ সিসি: বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসি: বছরে ৫ হাজার টাকা, ১৬৫ সিসির বেশি: বছরে ১০ হাজার টাকা। 

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৮ লাখ ৭০ হাজার ৭৮০।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান বলেন, সড়ক আইনে মোটরসাইকেল একটি বৈধ যানবাহন। তাই ব্যক্তিগত গাড়ির মতো মোটরসাইকেলের ওপরও অগ্রিম আয়কর আরোপ যৌক্তিক। তিনি বলেন, অনেক ক্ষেত্রে মোটরসাইকেল বাণিজ্যিকভাবেও ব্যবহৃত হয়। এতে করজাল সম্প্রসারিত হবে এবং নিয়মিত করদাতাদের ওপর চাপ কিছুটা কমতে পারে।

বর্তমানে মোটরসাইকেলের মালিকদের অগ্রিম আয়কর দিতে হয় না। তবে এককালীন নিবন্ধন ফি এবং নির্ধারিত সময় পরপর রোড ট্যাক্স পরিশোধ করতে হয়। বিদ্যমান কাঠামো অনুযায়ী, ৫০ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের মোট রেজিস্ট্রেশন ফি ৯ হাজার ২৯১ টাকা। এছাড়া দুই বছর পরপর ১ হাজার ১৫০ টাকা করে চার কিস্তিতে মোট ৪ হাজার ৬০০ টাকা রোড ট্যাক্স দিতে হয়।

অন্যদিকে, ১২৫ সিসির বেশি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ১১ হাজার ৭৬৪ টাকা। এ ক্ষেত্রে দুই বছর পরপর ২ হাজার ৩০০ টাকা করে চার কিস্তিতে মোট ৯ হাজার ২০০ টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হয়।

বর্তমান আয়কর আইন অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল মালিকরা পরিশোধিত অগ্রিম আয়কর আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয় করার সুযোগ পাবেন।

আরটিভি/এসকে