images

অর্থনীতি

বিদেশ ভ্রমণ নিয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৮:৫০ পিএম

আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা কেন্দ্রীয় ব্যাংকের সেবাগ্রহীতা কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে-বিদেশে অনুষ্ঠিত প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম বা ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ থেকে জারি করা এক অফিস নির্দেশনা থেকে জানা গেছে এ তথ্য।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি বা বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত যেকোনো প্রশিক্ষণ বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী কিংবা প্রশিক্ষক, কোনো ভূমিকাতেই অংশ নিতে পারবেন না।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক থেকে সেবা গ্রহণ করে অথবা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে অনুষ্ঠিত চুক্তিবহির্ভূত সেমিনার, কর্মশালা বা অনুরূপ আয়োজনে অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন
pay-scale

নবম জাতীয় পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

তবে, বিশেষ প্রয়োজনে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর অনুমতি নিয়ে কোনো কর্মকর্তা বক্তা হিসেবে অংশ নিতে পারবেন। সে ক্ষেত্রেও আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী, ফি বা আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না বলে নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব ও কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে, এমন সব আয়োজন থেকে কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকতে হবে। 

অফিস নির্দেশনায় বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিরপেক্ষতা ও পেশাগত স্বচ্ছতা বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার সম্পর্ক নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই নতুন এই নীতিমালা কার্যকর করা হয়েছে।

আরটিভি/এসএইচএম