বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৬:১৮ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে আবারও সোনার দাম বেড়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকায় দাম ঊর্ধ্বমুখী হয়।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৭০৭ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে জুন মাসের সরবরাহের জন্য সোনার দাম (ফিউচার) শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৭১৩ দশমিক ৮০ ডলার।
বাজার বিশ্লেষকদের মতে, ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদ বা ইল্ড কিছুটা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের কাছে সোনার আবেদন বেড়েছে। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চপর্যায়ের আলোচনায় কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে সবাই এখন অপেক্ষায়। এ কারণে সোনার বাজারে বর্তমানে এক ধরনের স্থিতিশীলতা বিরাজ করছে।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও ভারতের বাজারে সোনার চাহিদা এখন তলানিতে। মূলত আমদানি শুল্ক বৃদ্ধির কারণে সেখানে সোনার দাম অনেকটা বেড়ে গেছে। রয়টার্সের খবর অনুযায়ী, চাহিদাহীন বাজারে লোকসান কমাতে ডিলাররা এখন আউন্সপ্রতি রেকর্ড ২০০ ডলার পর্যন্ত ছাড়ে সোনা বিক্রি করছেন।
তবে, সোনার দাম বাড়লেও অন্যান্য মূল্যবান ধাতুর দাম আজ কিছুটা কমেছে। রুপার দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৮৭ দশমিক ৩৩ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে।
এদিকে, বাংলাদেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।
আরটিভি/এআর