images

অর্থনীতি

বাজারে এলো ৫ টাকার নতুন নোট

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০১:৪৭ পিএম

অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য'-শীর্ষক নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। যা ১৯ মে থেকে বাজারে প্রচলন করা হবে।

মঙ্গলবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এতে বলা হয়, নোটটি ১৯ মে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

৫ টাকা মূল্যমানের ব্যাংক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য হলো- অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত ৫ টাকা মূল্যমান কারেন্সি নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বামপাশে তারা মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পিছনভাগে গ্রাফিতি-২০২৪ এর ছবি মুদ্রিত আছে।
 
নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ রয়েছে। নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে। নোটের বামদিকে বিদ্যমান ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভিতর প্রবিষ্ট যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক হতে দেখা যায়।
 
এছাড়া, নোটের সম্মুখভাগের নীচের গ্রিউইশ প্যাটার্নের উপরের অংশে Microprint হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য ‘BANGLADESH’ মুদ্রিত রয়েছে। নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।
 
মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকা মূল্যমান নমুনা (Specimen) নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

আরটিভি/এসকে