images

অর্থনীতি

পশুর হাট এলাকায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক

রোববার, ২৪ মে ২০২৬ , ১১:০৫ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের পাঁচটি সিটি করপোরেশনের কোরবানির পশুর হাট এলাকায় ব্যাংকের কার্যক্রম রাত ১০টা পর্যন্ত চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৪ মে) দেশের সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগের দিন পর্যন্ত নির্ধারিত শাখা, উপশাখা এবং পশুর হাটে স্থাপিত অস্থায়ী বুথগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে।
এ সুবিধা থাকবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত কোরবানির পশুর হাট এলাকায়।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম ঘটে এবং সেখানে বড় অঙ্কের নগদ অর্থের লেনদেন হয়। তাই আর্থিক লেনদেন নিরাপদ ও সহজ করতে ব্যাংকিং সহায়তা নিশ্চিত করা জরুরি।

চিঠিতে আরও বলা হয়, পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথ ব্যবহার করে যাতে ক্রেতা ও বিক্রেতারা সহজে অর্থ লেনদেন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন
CznNewsLabce1f3b88-12fd-4679-805c-8dbb18c28abd

কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু

হাটগুলো হলো-

ঢাকা উত্তর করপোরেশন
১. বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা
২. মিরপুর সেকশন-৬, ওয়ার্ড নম্বর-৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা
৩. মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা
৪. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা
৫. বাড্ডা থানার অন্তর্গত স্বদেশ প্রপার্টির খালি জায়গা
৬. ২৩ নং ওয়ার্ডের পূর্ব হাজীপাড়া, ইশরা মাদ্রাসার পাশে খালি জায়গা
৭. উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নং সেক্টরসংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা
৮. গাবতলী পশুর হাট
৯. খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়া এলাকা
১০. বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
১. কাজলা ব্রীজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্প পর্যন্ত
২. মোস্তমামি মোড় সংলগ্ন গ্রীণ বনশ্রী হাউজিং
৩. ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ পূর্ব পাশ এলাকা
৪. রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকা
৫. পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিমপার্শ্বে নদীর পাড় এলাকা
৬. উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশ এলাকা
৭. শিকদার মেডিকেল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের এলাকা
৮. গোলাপবাগস্থ আউটফল স্টাফ কোয়ার্টার এলাকা
৯. আমুলিয়া মডেল টাউন
১০. সারুলিয়া
১১. সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা অস্থায়ী কোরবানির পশুর হাট

চট্টগ্রাম সিটি করপোরেশন
১. বিবির হাট
২. সাগরিকা

রংপুর সিটি করপোরেশন
১. লালবাগ সদর হাট

খুলনা সিটি করপোরেশন
১. জোড়া হাট

রাজশাহী সিটি করপোরেশন
১. সিটি হাট

এসব হাট এলাকায় ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে চিঠিতে তিনটি পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক-

১. ২৪ মে থেকে ২৭ মে পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন ও রংপুর সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের কাছের ব্যাংক শাখা বা উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে বিশেষ ব্যবস্থায় খোলা রাখতে হবে। এসব শাখা বা উপশাখায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে।

২. পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় ব্যাংকের অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা নেওয়া, উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থা রাখতে হবে।

৩. সংশ্লিষ্ট ব্যাংক শাখা বা উপশাখা বা বুথে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালন করা কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা দিতে হবে।

আরটিভি/এসকেডি