মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৯:১৬ পিএম
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ার পর বৈশ্বিক পণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও বিপরীত চিত্র দেখা গেছে সোনার বাজারে।
মঙ্গলবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৫৩৭ দশমিক ১০ ডলারে নেমে আসে।
অ্যাকটিভ ট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির উদ্বেগ বেড়েছে। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার ওপর চাপ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আপাতত সোনার দামের কমতে থাকবে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে নজর রাখছেন।
বিশ্লেষকেরা বলছেন, অপরিশোধিত তেলের চড়া দাম লম্বা সময় ধরে মূল্যস্ফীতি বাড়িয়ে রাখতে পারে। যদিও সোনাকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, তবে উচ্চ সুদের হার সোনার জন্য নেতিবাচক প্রভাব ফেলে।
এদিকে সুইস ব্যাংক ইউবিএস চলতি বছরের শেষ নাগাদ সোনার দাম নিয়ে তাদের পূর্বাভাস জানিয়েছে। নতুন পূর্বাভাস অনুযায়ী, বছর শেষে সোনার দাম প্রতি আউন্স পাঁচ হাজার ৫০০ ডলারে থাকতে পারে।
তবে ইউবিএস জানিয়েছে, বিশ্বজুড়ে ঋণের চাপ ও যুক্তরাষ্ট্রের বড় বাজেট ঘাটতির প্রবণতা দীর্ঘমেয়াদে সোনার মতো নিরাপদ সম্পদের চাহিদা বাড়িয়ে রাখতে পারে।
এসময় বাজারে অন্য ধাতুরও দাম কমেছে। মঙ্গলবার স্পট সিলভারের দাম ২.২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ৩৭ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ০.৯ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম কমেছে ১.৭ শতাংশ।
আরটিভি/টিআর