বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৯:২৯ এএম
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২ জুন) নতুন মূল্য ঘোষণা করে, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপার দাম ১১৭ টাকা পর্যন্ত কমেছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
আজকের সোনার দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা ও সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
এর আগে গত ২৫ মে সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই দাম থেকে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
আজকের রুপার দাম (প্রতি ভরি) ২২ ক্যারেট: ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৬০৭ টাকা ও সনাতন পদ্ধতি: ৩ হাজার ৪৪১ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৭০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৩ বার কমেছে। অন্যদিকে, রুপার দাম ৪১ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ২২ বার বেড়েছে এবং ১৯ বার কমেছে।
বাজুসের সর্বশেষ সিদ্ধান্তে সোনা ও রুপা উভয় মূল্যবান ধাতুর দামই নিম্নমুখী হওয়ায় ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরটিভি/এসকে