images

অর্থনীতি

কঠিন সময়ে নিয়োগদাতার সহায়তা চান ৭৫ শতাংশ কর্মী

বুধবার, ১০ জুন ২০২৬ , ০৯:৩২ এএম

আকস্মিক আর্থিক সংকট, স্বাস্থ্যগত সমস্যা বা পারিবারিক দায়িত্বের মতো কঠিন সময়ে নিয়োগদাতাদের কাছ থেকে সহায়তা প্রত্যাশা করেন দেশের ৭৫ শতাংশের বেশি কর্মী। মেটলাইফ বাংলাদেশের ‘এমপ্লয়ি বেনিফিট ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস) ২০২৫’ শীর্ষক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, ৪৩ শতাংশ কর্মী আকস্মিক আর্থিক চাপের সময় নিয়োগদাতাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন। এ ছাড়া ২৫ শতাংশ কর্মী মানসিক স্বাস্থ্য সমস্যা, ২৪ শতাংশ পারিবারিক যতেœর দায়িত্ব এবং ২১ শতাংশ গুরুতর চিকিৎসাজনিত জটিলতার সময় সহায়তা প্রত্যাশা করেন।

জরিপে অংশ নেওয়া ৭২ শতাংশ কর্মী তাদের প্রতিষ্ঠানকে কর্মীবান্ধব বলে মনে করলেও মাত্র ৪২ শতাংশ কর্মী অন্যদের কাছে নিজেদের কর্মস্থলের বিষয়ে সক্রিয়ভাবে সুপারিশ করতে আগ্রহী। গবেষণায় বলা হয়েছে, কর্মীরা কেবল নীতিগত প্রতিশ্রুতি নয়, সংকটের সময়ে বাস্তব ও দৃশ্যমান সহায়তা চান। নমনীয় ছুটির ব্যবস্থা, কাজের চাপ কমানো এবং সময়সূচিতে অধিক নিয়ন্ত্রণকে তারা গুরুত্ব দিয়েছেন।

গবেষণায় আরও দেখা গেছে, স্বাস্থ্য ও কল্যাণমূলক সুবিধা পেলে ৭৮ শতাংশ কর্মীর প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য বাড়ে। এতে কর্ম সম্পৃক্ততা ও উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, কর্মীরা এখন জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নিয়োগদাতাদের পাশে পেতে চান। এ ধরনের সহানুভূতিশীল উদ্যোগ কর্মীদের আস্থা ও আনুগত্য বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাও বৃদ্ধি করে।

আরটিভি/এসকে