images

অর্থনীতি

২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা পেল ইসলামী ব্যাংক

রোববার, ১৪ জুন ২০২৬ , ০২:১৯ পিএম

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক পিএলসিকে বিশেষ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

রোববার (১৪ জুন) এই অর্থ ছাড় করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে একদল গ্রাহক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলন শুরু করে। এর প্রভাবে অনেক আমানতকারী তাদের জমা অর্থ তুলে নেওয়ায় ব্যাংকটিতে তীব্র হয়ে ওঠে তারল্য সংকট।

হঠাৎ উদ্ভূত এ পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে চাপের মুখে পড়ে ব্যাংকটি। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও সমস্যায় পড়ে তারা। এ অবস্থায় গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল ইসলামী ব্যাংক।

আরও পড়ুন
Web-Image

বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

এর আগে, শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে জরুরি তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক।

আরটিভি/এসএইচএম