images

অর্থনীতি

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৯:২৮ এএম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের মাধ্যমে মূল্যবান এ দুই ধাতুর নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বাজারে সোনা ও রুপা বিক্রি হচ্ছে নতুন নির্ধারিত দামে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। গত ১৫ জুন থেকে এ দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা ভরি দরে।

সবশেষ গত ১৩ জুন সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে নতুন করে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করা হয়েছে।

অন্যদিকে, সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা ভরি দরে বিক্রি হচ্ছে। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়ানো হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৭৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে, রুপার দাম সমন্বয় করা হয়েছে ৪৬ বার, যার মধ্যে ২৪ বার বেড়েছে এবং ২২ বার কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের ঊর্ধ্বগতি এবং স্থানীয় বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে সোনা ও রুপার দাম ধারাবাহিকভাবে বাড়ছে। ফলে ক্রেতাদের আগ্রহ থাকলেও উচ্চমূল্যের কারণে অনেকেই কেনাকাটায় সতর্ক অবস্থান নিচ্ছেন।

আরটিভি/এসকে