images

অর্থনীতি

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম 

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০৬:১৬ পিএম

ওপেক প্লাসের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কমেছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার(৬ জুলাই) লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ কমে ৭১ দশমিক ৭৮ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৪৯ ডলারে দাঁড়ায়। 

এদিকে, রোববার (৫ জুলাই) ওপেক প্লাস আগামী আগস্ট থেকে দৈনিক আরও ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর আগে জুন ও জুলাই মাসেও একই পরিমাণ উৎপাদন বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছিল। বিশ্লেষকদের মতে, উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত বাজারের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের কারণে অনেক সদস্যদেশ এখনো নির্ধারিত কোটার পুরোটা উৎপাদন করতে পারছে না।

আরও পড়ুন
4rfw

আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

ইরানের সঙ্গে সংঘাতের সময় বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরব, কুয়েত ও ইরাকের তেল রপ্তানি আবার স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদসংস্থা রয়টার্সের এক জরিপে দেখা গেছে, গত জুনে ওপেকের মোট তেল উৎপাদন আগের মাসের তুলনায় দৈনিক ৩৩ লাখ ব্যারেল বেড়ে ১ কোটি ৯৪৩ লাখ ব্যারেলে পৌঁছেছে। একই সময়ে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানিও মে মাসের তুলনায় দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি বেড়ে ১ কোটিরও বেশি ব্যারেলে উন্নীত হয়েছে। তবে এটি এখনও যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম।

এছাড়া ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটি তাদের পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি বাড়িয়েছে। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুনে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলো থেকে তেল রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং চলতি জুলাইয়েও একই ধারা অব্যাহত থাকতে পারে।

আরটিভি/এআর