images

অর্থনীতি

দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে কত?

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ১০:৪২ এএম

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার, ২২ ক্যারেট: ২,২১,৯৬৬ টাকা, ২১ ক্যারেট: ২,১১,৯৯৩ টাকা, ১৮ ক্যারেট: ১,৮২,০৭৫ টাকা,সনাতন পদ্ধতি: ১,৪৮,৭৭৪ টাকা।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে ৬ জুলাই সোনার দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। নতুন সিদ্ধান্তে সেই দাম থেকে আরও ৩ হাজার ৩২৪ টাকা কমানো হলো।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৮৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ বার দাম বেড়েছে, ৪৪ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২৯২ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা।

নতুন দামে প্রতি ভরি রুপা ২২ ক্যারেট: ৪,৬০৭ টাকা, ২১ ক্যারেট: ৪,৩৭৪ টাকা,১৮ ক্যারেট: ৩,৭৯১ টাকা, সনাতন পদ্ধতি: ২,৮৫৮ টাকা। 

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার বেড়েছে এবং ২৭ বার কমেছে।

আরটিভি/এসকে