images

অর্থনীতি

বিনা জামানতে ঋণ দেবে সরকার

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৭:৫৮ পিএম

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ পর্যন্ত ঋণ পাবেন। একই সঙ্গে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য মাত্র ৪ শতাংশ সুদে ৫০০ কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (প্রথম বাজেট) অধিবেশনের ২৩তম দিনে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদের সামনে সরকারের এসব উদ্যোগের কথা তুলে ধরেন।

অর্থমন্ত্রী সংসদকে জানান, তরুণ ও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএসএমই) খাতের নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের আকার ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করেছে। 

তিনি জানান, এ তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

আরও পড়ুন
321

পে-স্কেল নিয়ে আন্দোলনের আশঙ্কা

স্টার্টআপ উদ্যোক্তাদের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

ঋণের পাশাপাশি স্টার্টআপগুলোতে ইক্যুইটি বিনিয়োগের সুযোগ তৈরির কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশের ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে 'বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি, পিএলসি' গঠন করা হয়েছে। এর মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলো সরাসরি ইক্যুইটি সহায়তা বা মূলধনী বিনিয়োগ গ্রহণ করতে পারবে।

বেকারদের কর্মসংস্থান প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারদের স্বল্প সুদে ঋণ দিতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকার একটি তহবিল পরিচালিত হচ্ছিল। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত এই তহবিলটি ২০২৫ সালের ১৪ জুলাই সফলভাবে সমাপ্ত হয়েছে। এর ধারাবাহিকতায় এখন ১ হাজার ২০০ কোটি টাকার আরও একটি বড় তহবিল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আরটিভি/ এসকেডি