images

অর্থনীতি

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৯:১৭ এএম

দেশের বাজারে সোনা  ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে মূল্যবান এই দুই ধাতু বিক্রি হচ্ছে নতুন দামে।

গত ১৩ জুলাই বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা  (পিওর গোল্ড) ও রুপার (পিওর সিলভার) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা  ও রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।

বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা দামে বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে। এছাড়া বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে, গত ১০ জুলাই প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে একই পরিমাণ অর্থ কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৯০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৫ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল এর মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকা দামে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন
Web-Image---Copy

নেপালের আম ব্যবসায়ীদের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার বেড়েছে এবং ২৮ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল এর মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।


আরটিভি/এসকে