বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৩:৩৪ পিএম
চলতি মৌসুমের আয়কর রিটার্ন আজ থেকে অনলাইনে দেওয়া যাবে। করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৬-২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে জমার সুবিধা চালু করেছে।
বুধবার (২২ জুলাই) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতার অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। গতবারও সবার অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক ছিল। www.etaxnbr.gov.bd সিস্টেমে গিয়ে রিটার্ন জমা দিতে হবে।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর হতে সিস্টেমটি করদাতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। বিগত ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন।
এনবিআরের এক বিশেষ আদেশ জারির মাধ্যমে সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি অথবা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পরিবর্তে কাগুজে রিটার্ন দাখিল করতে পারবেন। এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে অন্যান্য স্বাভাবিক ব্যক্তি করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
কীভাবে কর পরিশোধ
www.etaxnbr.gov.bd সিস্টেমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন প্রস্তুতপূর্বক রিটার্ন জমা প্রদান করে তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।
করছাড়
২০২৬-২৭ করবর্ষ হতে ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের জুলাই হতে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রণোদনা প্রাপ্ত হবেন। ওই সময়ের পর দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না। ডিসেম্বর পরবর্তী সময়ে দাখিলকৃত রিটার্নে অতিরিক্ত কর প্রদেয় হবে।
আরটিভি/এমএ