images

অর্থনীতি

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৫:৪৯ পিএম

বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এবং সুদের হারের ভবিষ্যৎ দিকনির্দেশনা জানতে মার্কিন ফেডারেল রিজার্ভের আসন্ন সভার দিকে চোখ রাখছেন বিনিয়োগকারীরা। সুদের হার ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে সোনার বাজার নতুন করে চাঙা হয়ে উঠেছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় বিকেল চারটা ১০ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ১১৫ দশমিক ৮৯ ডলারে। অন্যদিকে আগস্টে ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২০ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাক্টিভট্রেডসের সিনিয়র অ্যানালিস্ট রিকার্ডো ইভানজেলিস্তা রয়টার্সকে জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য মূল্যস্ফীতি বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনায় ঝুঁকেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক উদ্যোগের প্রভাবে তেলের বাজার স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও সোনার দামে ইতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুন
GOLD_20260131_105216687_20260325_101604585_20260611_135546597_20260721_110659486

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে। আজ রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ৩৫ ডলারে বেচাকেনা হচ্ছে। প্ল্যাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪৬ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩০৫ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক বাজারের উত্তাপ পৌঁছেছে দেশীয় বাজারেও। দেশে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম পড়ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের গুণতে হচ্ছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

আরটিভি/এআর