images

অর্থনীতি

দাম কমালো ফার্নেস অয়েলের

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৮:০৪ পিএম

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমিয়ে লিটারপ্রতি ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর এবং আমদানিকৃত ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এর আগে সর্বশেষ ৩০ জুন ফার্নেস অয়েলের দাম সমন্বয় করা হয়। তখন প্রতি লিটারের দাম ১১৩.৫৪ টাকা থেকে কমিয়ে ১০৯.১০ টাকা নির্ধারণ করা হয়। তার আগের মাসে লিটারপ্রতি দাম বেড়েছিল ২৪ টাকা ৫৯ পয়সা।

আরও পড়ুন
6

আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা

উল্লেখ্য, আগে ফার্নেস তেলের দাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্ধারণ করত। তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করে।

এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে বিইআরসি। বিপিসির অধীন থাকা তেল বিপণন করা সরকারি চার কম্পানি—পদ্মা, মেঘনা, যযুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিপিডিবি।

আরটিভি/টিআর