শনিবার, ০৯ মে ২০২৬ , ০৯:১৭ পিএম
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ সফলভাবে শেষ হয়েছে। গত ৭ থেকে ৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রদর্শনীতে দেশি-বিদেশি অংশগ্রহণকারী, ব্যবসায়িক দর্শনার্থী, বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের ব্যাপক উপস্থিতি ছিল।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস)-গ্লোবাল ইউএসএ’র আয়োজনে এবং সেমস-বাংলাদেশ’র সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে খাদ্য, কৃষি, পোল্ট্রি, লাইভস্টক, চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্য পর্যটন খাতের আন্তর্জাতিক প্রযুক্তি, উদ্ভাবন, পণ্য ও সেবার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
খাদ্য ও কৃষিখাত সংশ্লিষ্ট প্রদর্শনীগুলোর মধ্যে ছিল ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’, ‘৬ষ্ঠ ফুড প্যাক এক্সপো ২০২৬’, ‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এবং ‘৯ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’।
খাদ্য, কৃষি, পোল্ট্রি, লাইভস্টক ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতকে কেন্দ্র করে অনুষ্ঠিত এসব প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টিরও অধিক দেশের প্রায় ১০০টি কোম্পানি অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ১৬০টিরও অধিক বুথে আধুনিক কৃষিযন্ত্র, খাদ্য ও পানীয় পণ্য, প্যাকেজিং সামগ্রী, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে।
উল্লেখযোগ্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেড, নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এমএইচ ধানমন্ডি লিমিটেড, ট্রেড গ্লোবাল লিমিটেড, থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড (ডিজেআই), নেসলে বাংলাদেশ পিএলসি, লে বুর্ন, শিলাইদহ ডেইরি আল্ট্রা, মধুমতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, রুনচা, পুরো ফুডস লিমিটেড, প্যারাগন ইন্টারন্যাশনাল, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ এবং কিভা হান। পাশাপাশি বাংলাদেশে অবস্থিত ব্রাজিল দূতাবাস, ব্রাজিলের কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্য সরবরাহ মন্ত্রণালয় (MAPA)-এর প্রতিনিধিত্বে এবং পাকিস্তান দূতাবাস, ট্রেড ডেভেলপমেন্ট অথরিটি অব পাকিস্তান (TDAP)-এর প্রতিনিধিত্বে পাকিস্তান প্যাভিলিয়নে অংশগ্রহণ করে। এবারের আয়োজনে ‘কফি ফেস্ট’ দর্শনার্থীদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।
একইসঙ্গে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য পর্যটন খাতকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় ‘১৭তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘১০ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৬’, ‘১২তম ফার্মা বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’ এবং ‘৯ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৬’।
স্বাস্থ্যসেবা, চিকিৎসা প্রযুক্তি, ডায়াগনস্টিক, হাসপাতাল ব্যবস্থাপনা, ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্য পর্যটন খাতকে কেন্দ্র করে অনুষ্ঠিত এসব প্রদর্শনীতে ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, সিঙ্গাপুর, তুরস্ক, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, মরোক্কো, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ ১৫টিরও অধিক দেশের প্রায় ৯০টি কোম্পানি ও হাসপাতাল অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণে ১৫০টিরও অধিক বুথে চিকিৎসা প্রযুক্তি, হাসপাতাল সরঞ্জাম, ডায়াগনস্টিক সেবা, ফার্মাসিউটিক্যাল পণ্য ও স্বাস্থ্য পর্যটনসেবা প্রদর্শন করা হয়।
উল্লেখযোগ্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল সিএফসি–এসআইবিএল রিপ্রোডাক্টিভ হেলথ ইনিশিয়েটিভ, হেলথকেয়ার ডায়াগনস্টিক সলিউশন, বিটিএল মেডিকেল ডিভাইস বাংলাদেশ লিমিটেড, মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড এবং এলাইভ হেলথকেয়ার। পাশাপাশি বাংলাদেশে অবস্থিত ইন্দোনেশিয়া দূতাবাসের অংশগ্রহণে ইন্দোনেশিয়া প্যাভিলিয়ন প্রদর্শনীতে অংশ নেয়।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন খাতভিত্তিক ছয়টি বিশেষায়িত সেমিনার, যেখানে কৃষি, পোল্ট্রি, লাইভস্টক, স্বাস্থ্যসেবা, প্যাথলজি প্রযুক্তি, আন্তর্জাতিক কৃষি সহযোগিতা, খাদ্য নিরাপত্তা এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করেন। ব্রাজিলের কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্য সরবরাহ মন্ত্রণালয় (MAPA), মেডিপ্যাক টেকনোলজিস (ইউনাইটেড গ্রুপ) এবং সুইসকন্টাক্টের বাইটস প্রজেক্ট-এর সহযোগিতায় এসব সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, প্রদর্শনীসমূহ সংশ্লিষ্ট শিল্পখাতের ক্রেতা-বিক্রেতা, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি কার্যকর ‘ওয়ান-স্টপ বিজনেস প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ, রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরও সুদৃঢ় করার পাশাপাশি খাদ্য, কৃষি, চিকিৎসা প্রযুক্তি ও স্বাস্থ্য পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল গত তিন দশকে বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে। এসব আয়োজনে অংশ নিয়েছে ৫৫ হাজারের বেশি প্রদর্শক প্রতিষ্ঠান এবং প্রায় ২০ লাখ ব্যবসায়িক দর্শনার্থী।
আরটিভি/এসএইচএম