images

শিক্ষা

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষায় পদার্থ ও রসায়নের নম্বর কমানোর প্রস্তাব

সোমবার, ২০ অক্টোবর ২০২৫ , ০৯:৪১ পিএম

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষায় রসায়ন এবং পদার্থ বিজ্ঞানের নম্বর কমানোর প্রস্তাব করা হয়েছে। এই নম্বর সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

আগামী সপ্তাহে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি সূত্র জানিয়েছে, নতুন প্রস্তাবনা অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একইদিনে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার নম্বর বন্টন পরিবর্তনে দুটি প্রস্তাব করা হয়েছে। একটি প্রস্তাবে রসায়নে ৫ নম্বর কমিয়ে ২০, পদার্থ বিজ্ঞানে ৫ নম্বর কমিয়ে ১৫ করার প্রস্তাব করা হয়েছে। 

আরও পড়ুন
dalim-__Re__covered

মেডিকেল ভর্তিতে আসন কমানো নিয়ে যা জানা গেল 

এই দুটি বিষয় থেকে ১০ নম্বর কমিয়ে ওই নম্বর সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এ প্রস্তাবে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি বিষয়ে ২০ নম্বর করার কথা বলা হয়েছে। রসায়ন এবং ইংরেজিতে আগের মতোই ৩০ এবং ১৫ থাকবে।

নম্বর বন্টন পরিবর্তনের আরেকটি প্রস্তাবে কেবলমাত্র পদার্থ বিজ্ঞান বিষয় থেকে ৫ নম্বর কমিয়ে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে যুক্ত করার কথা বলা হয়েছে। 

অর্থাৎ এই প্রস্তাবে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে ১৫ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া জীববিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে আগের মতোই যথাক্রমে ৩০, ২৫ এবং ১৫ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
 
এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, রসায়ন এবং পদার্থ বিজ্ঞান থেকে ৫ নম্বর করে অথবা কেবল পদার্থ বিজ্ঞান থেকে ৫ নম্বর কমিয়ে তা সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আগামী সপ্তাহে আমাদের একটি সভা রয়েছে। ওই সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। এর আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

উল্লেখ্য, কয়েকদিন আগেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।
 যেখানে ভয়াবহ ফল বিপর্যয় দেখা দিয়েছে। পাশের হারের সঙ্গে সঙ্গে জিপিএ-৫ এর সংখ্যাও কমে এসেছে। 

আরটিভি/এসআর