বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০৬:২৩ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে সারাদেশে ১০ হাজার ২১৯টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে ধূমপায়ী ও মাদকাসক্তদের এ পদে আবেদন করতে পারবেন না বলে জানানো হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে দুই ধাপে। লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের, যেখানে বাংলা ও ইংরেজিতে ২৫ নম্বর করে মোট ৫০ এবং গণিত ও সাধারণ জ্ঞানে ২০ নম্বর করে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৯০ মিনিট। লিখিত পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর (৪৫) পেলে প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। মৌখিক পরীক্ষার পূর্ণমান ১০, পাস নম্বর ৫। এর আগে লিখিত পরীক্ষা ছিল ৭৫ নম্বরে ও মৌখিক ২৫ নম্বরে, যেখানে শিক্ষাগত ফলাফলের ওপর ১০ নম্বর এবং ব্যক্তিত্ব ও সাধারণ জ্ঞানে ১৫ নম্বর বরাদ্দ ছিল।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন শুরু হবে আগামী ৮ নভেম্বর এবং চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরটিভি/এএ