মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৫১ পিএম
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের সব মেডিকেল কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভর্তিসংক্রান্ত কমিটির এই সিদ্ধান্ত অনলাইন ও অফলাইন উভয় ধরনের কোচিং কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন সাংবাদিকদের নিশ্চিত করেন যে, ১২ ডিসেম্বর পর্যন্ত দেশের কোথাও অনলাইন কিংবা অফলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না।
অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসনসংখ্যায় বড় ধরনের সমন্বয় এনেছে। আগে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ছিল ৫ হাজার ৩৮০টি, যা নতুন সমন্বয়ের ফলে কমে ৫ হাজার ১০০টিতে দাঁড়িয়েছে। এতে ১৪টি কলেজে ৩৫৫টি আসন কমানো হয়েছে, এবং ৩টি কলেজে ৭৫টি আসন বাড়ানো হয়েছে।
বেসরকারি খাতে ৬৬টি মেডিকেল কলেজে ২৯২টি আসন কমিয়ে আসনসংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১টিতে। এই সিদ্ধান্তের মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।
আরটিভি/এসকে