বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৪:১৪ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতন বৈষম্য অবশেষে দূর হতে যাচ্ছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করে প্রধান শিক্ষকদের পদকে ১১ গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে।
১০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজের সই করা এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রস্তাব উপস্থাপন করা হয়।
এর আগে ২০১৮ সালের একটি রিট পিটিশনের ভিত্তিতে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ইতোমধ্যে ১১ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীত করা হয়েছিল। এই ধারাবাহিকতায় এবার বাকি ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেলও উন্নীত করার প্রস্তাব দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগ উভয়ই এ প্রস্তাবের পক্ষে সম্মতি দিয়েছে। সভায় একমত হয়ে সুপারিশ করা হয়। তবে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাদি পূরণ করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বেতন বৈষম্য শীঘ্রই সমাধান হওয়ার আশা করা যাচ্ছে। যা তাদের কাজের মনোভাবে ইতিবাচক প্রভাব ফেলবে।
আরটিভি/এসকে