images

শিক্ষা

সরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অপেক্ষমান শিক্ষার্থীদের ভর্তি শুরু

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৪ পিএম

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সোমবার (১৬ ফেব্রুয়ারি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সের ২য় দফার মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬৮ জন শিক্ষার্থীকে শূন্য আসনে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। ভর্তি কার্যক্রম ১৬ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাইগ্রেশনের সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের বর্তমান কলেজ থেকে নতুন কলেজে স্থানান্তরের (মাইগ্রেশন) সকল আনুষ্ঠানিকতা উল্লিখিত সময়ের মধ্যে সম্পন্ন করবেন। কোনো শিক্ষার্থী সময়মতো ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে তার ছাত্রত্ব বাতিল হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিকভাবে ভর্তি সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড,  এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র এবং নম্বরপত্র, স্থানীয় নাগরিক সনদপত্র, চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, উপজাতীয় শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট প্রধান বা জেলা প্রশাসকের মূল সনদপত্র। 

ভর্তিকৃত শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের দফতরে যোগাযোগ করে যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা শেষে ভর্তি সম্পন্ন করবেন। এছাড়া, ভর্তি, মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ২৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে মাইগ্রেশনের আবেদন করতে পারবেন।
 
মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েব সাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। এছাড়া, সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর হতে এসএমএসের মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।

আরটিভি/এসকে