সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৫৬ পিএম
রাজধানী পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার মনিজা রহমান স্কুলের পাশের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান।
জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম ইমরান নাবিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার কলতাবাজারের একটি মেস থেকে একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবা সুলতানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অর্থাৎ চলতি বছরের প্রথম দুই মাসে এ পর্যন্ত তিনজন শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছেন।
আরটিভি/এসআর