বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২০ পিএম
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ এরইমধ্যে সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রশ্নপত্রে কোনো ভুলভ্রান্তি আছে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত নয় এবং নতুন করে প্রশ্ন তৈরিরও কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।
এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার প্রশ্নপত্র এরইমধ্যে তৈরি হয়ে গেছে। প্রশ্নপত্রে কোনো ভুলভ্রান্তি রয়ে গেছে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে নতুন করে প্রশ্নপত্র তৈরির সুযোগ নেই।
তিনি আরও জানান, এখন পরীক্ষা ব্যবস্থাপনা কীভাবে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, সেই বিষয়টিতেই মন্ত্রণালয় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এজন্য প্রয়োজনীয় আইনগত ও বিধিবিধানের দিকগুলোও পর্যালোচনা করা হচ্ছে।
পরীক্ষা পদ্ধতি বা অন্যান্য বিষয়ে শিক্ষকদের উদ্বেগের বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষকদের যেসব দাবি বা উদ্বেগের জায়গা রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করবো এবং সমাধানের উদ্যোগ নেবো। আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের গঠনমূলক মতামতকে স্বাগত জানিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, আপনারা যারা শিক্ষার সঙ্গে জড়িত, তারা সবসময় আমাদের পরামর্শ দিতে পারেন। আমরা সেগুলোকে গুরুত্বের সঙ্গে দেখবো।
উল্লেখ্য, সম্প্রতি চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন এই প্রশাসনের অধীন এটিই প্রথম বড় কোনো পাবলিক পরীক্ষা হতে যাচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়েছে।
আরটিভি/এসএইচএম