images

শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি নিয়ে নতুন নির্দেশনা

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০৬:৪৬ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির তালিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রমজান মাসজুড়ে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে আগামী ১০টি শনিবার বিদ্যালয়ের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে শুক্র ও শনিবার—এই দুই দিন সাপ্তাহিক ছুটি থাকলেও, নতুন নির্দেশনা অনুযায়ী রমজানের ছুটির পর টানা ১০টি শনিবার স্কুল খোলা থাকবে। এই দিনগুলোতে অন্যান্য কার্যদিবসের মতোই নিয়মিত পাঠদান ও শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন
Web_Image_20251214_211902509

লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সিলেবাসে যে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এই বিশেষ ব্যবস্থা। রমজানের ছুটি শেষে যখন পুনরায় বিদ্যালয় খুলবে, তখন থেকে পরবর্তী ১০টি শনিবার কোনো ছুটি কার্যকর হবে না। মূলত বার্ষিক পাঠপরিকল্পনা ও শিখন লক্ষ্যমাত্রা অর্জনে এই বাড়তি কর্মদিবসগুলো ব্যবহার করা হবে।

ইতিমধ্যেই এই সংক্রান্ত চিঠি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং নতুন সময়সূচি অনুযায়ী বিদ্যালয় পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে রমজানের ছুটির পর থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এই নতুন ক্যালেন্ডার অনুসরণ করতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশ শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে। নির্ধারিত ১০টি শনিবার অতিবাহিত হওয়ার পর পুনরায় স্বাভাবিক সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) নিয়ম বহাল হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার মান বজায় রাখা এবং বার্ষিক পরীক্ষার আগে সিলেবাস শেষ করা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

আরটিভি/এআর