images

শিক্ষা

২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের তারিখ প্রকাশ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৮:২৩ পিএম

২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

আগামী ৯ এপ্রিল থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের জেলাগুলোতে এই সনদ বিতরণ করা হবে।

ঢাকা অঞ্চলের সনদ বোর্ডের নিজস্ব কার্যালয় থেকে এবং অন্যান্য অঞ্চলের সনদ সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলো থেকে সংগ্রহ করতে হবে।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা অঞ্চলের অধীনে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার সনদ ৯ এপ্রিল বিতরণ করা হবে। 

এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর ও গাজীপুর জেলার জন্য ১২ এপ্রিল এবং রাজবাড়ী ও মাদারীপুর জেলার জন্য ১৩ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে। 

একইভাবে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলের জেলাগুলোর জন্য পৃথক পৃথক তারিখ ঘোষণা করা হয়েছে। অধিকাংশ অঞ্চলের প্রধান জেলাগুলোর সনদ ৯ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে এবং ১৩ এপ্রিলের মধ্যে সব জেলার বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুন
milon

নকল নিয়ে সতর্ক করলেন শিক্ষামন্ত্রী

সনদ সংগ্রহের জন্য মাদরাসা প্রধানদের কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট মাদরাসার নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে এবং এতে মাদরাসা প্রধানের সিল থাকতে হবে। আবেদনের ওপর মাদরাসার অ্যাডহক কমিটি বা গভর্নিং বডির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক। যদি প্রতিষ্ঠান প্রধান নিজে উপস্থিত হতে না পারেন, তবে মনোনীত প্রতিনিধির ক্ষেত্রে বিশেষ প্রাধিকারপত্র প্রয়োজন হবে। ওই প্রাধিকারপত্রে প্রতিনিধির তিনটি নমুনা স্বাক্ষর প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত থাকতে হবে। সনদ সংগ্রহের পর তা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য মাদরাসা প্রধানদের নির্দেশ দিয়েছে বোর্ড।

আরটিভি/এমএইচজে