images

শিক্ষা

কলেজে ভর্তি হতে ৬ হাজার টাকা সহায়তা পাবেন যেসব শিক্ষার্থী

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০২:৫০ পিএম

সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ৬ হাজার টাকা ভর্তি সহয়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আগ্রহীরা আগামী ১২ এপ্রিল থেকে শর্ত মেনে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ে ভর্তিকৃত আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ৬ হাজার টাকা করে ভর্তি সহায়তা দেবে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা এই সহায়তার জন্য যোগ্য বিবেচিত হবেন।

সহায়তা পেতে আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে অনলাইনে (https://www.eservice.pmeat.gov.bd/admission) আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন চলবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

যেসব শিক্ষার্থী পাবেন এই সহায়তা

ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীর পূর্বের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ৩.৫০ থাকতে হবে। অভিভাবকের বার্ষিক আয় হতে হবে ৩ লাখ টাকার কম। এতিম, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণ আপলোড করতে হবে।

আবেদনের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধির ‘হতদরিদ্র’ সনদ, প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন, পিতা-মাতার এনআইডি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুরো কার্যক্রমটি অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ডকপি সরাসরি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর একটি উচ্চপর্যায়ের কমিটি তা যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনুকূলে ৬ হাজার টাকা সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।


সহায়তাসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অফিস চলাকালীন হেল্পলাইন নম্বরে (০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬) যোগাযোগ করা যাবে।

আরটিভি/এসকে